২০২০ সালের মধ্যে প্রতিটি ঘরে বিদ্যুত্

আপডেট : ১৮ অক্টোবর ২০১৪, ২৩:৫২

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এ আর খান বলেছেন, সরকার আগামী ২০২০ সালের মধ্যে দেশের প্রতিটি বাড়িতে বিদ্যুত্ পৌঁছাতে অঙ্গীকারাবদ্ধ। প্রতিটি মানুষের কাছে বিদ্যুত্ পরিষেবা পৌঁছে দেয়ার বিষয়টি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ৭২-এর সংবিধানে সন্নিবেশিত করে গেছেন। যা উন্নত বিশ্বের কোন দেশে বিরল। এই সময়কালের মধ্যে বিদ্যুত্ সুবিধা সকলের ঘরে পৌঁছাতে সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমরা মাঠে-ঘাটে ঘুরে বেড়াচ্ছি।

পিরোজপুরের জেলা প্রশাসকের কক্ষে গতকাল শনিবার এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, সুন্দরবনসহ পারিপার্শ্বিক পরিবেশ সংরক্ষণের সকল ব্যবস্থা রেখেই রামপাল কয়লা বিদ্যুত্ প্লান্ট নির্মাণ করা হচ্ছে। ২শ ৭৫ মিটার উচ্চতার চিমনীসহ এই প্লান্টের প্রযুক্তিগত ব্যবস্থাপনা খুবই অত্যাধুনিক। যারা এর বিরোধিতা করছেন তাদের প্লান্ট নির্মাণের কৌশল সম্পর্কে কোন ধারণা নেই। তারা এক ধরনের ধোঁয়াশার মধ্যে আছেন।

জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন— পিডিবির সদস্য প্রশাসন লোকমান হোসেন মিয়া, ওজোপাডিকো পরিচালক জিকে পান্ডে, ডি জি এম রবীন্দ্রনাথ দত্ত, পিরোজপুর পল্লী বিদ্যুত্ সমিতির জিএম রবীন্দ্রনাথ দাস, সদর উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক প্রমুখ।