শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আলাদা কমিশন গঠনের ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
শেখ হাসিনা বলেন, শিক্ষক নিয়োগের জন্য আলাদা কমিশন থাকা উচিত। এজন্য ব্যবস্থা নিতে হবে। একটি আলাদা কমিশন হবে যেটি শুধু শিক্ষক নিয়োগ দেবে।
তিনি বলেন, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পাশাপাশি শিক্ষক নিয়োগের জন্য পৃথক কমিশন থাকতে পারে। এই কমিশন শিক্ষক নিয়োগ দেবে।
প্রধানমন্ত্রী বলেন, সমাজকে গড়ে তোলার ভিত্তিটা প্রাথমিক স্তর থেকেই গড়ে ওঠে। যেভাবে শিক্ষা দেওয়া হবে সেভাবেই ভবিষ্যতের কর্ণধাররা গড়ে উঠবে।
তিনি বলেন, শিক্ষকদের প্রশিক্ষণের ওপর গুরত্ব দিতে হবে। পরিবর্তনশীল বিশ্বের সাথে মানিয়ে চলতে প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দেয়। কারণ শিক্ষাই হলো দারিদ্র্যমুক্ত হওয়ার চাবিকাঠি।
