সরাইল-নাসিরনগর আঞ্চলিক মহাসড়কে গণডাকাতি হয়েছে। শনিবার দিনগত রাত ১১টায় সড়কের্ বড্ডাপাড়া নামক স্থানে এ গণডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা বেশ কয়েকটি সিএনজি অটোরিকশা ও মোটরসাইলের যাত্রীদের মারধরের পর সর্বস্ব লুট করে। ডাকাতের পিটুনিতে বিজয় টিভির সরাইল উপজেলা প্রতিনিধিসহ আহত হয়েছেন নয়জন।
ডাকাতের কবলে পড়া যাত্রী ও চালকরা জানান— রাত ১১টায় বিশ্বরোড মোড় থেকে কালিকচ্ছগামী যাত্রীবাহী একটি সিএনজিকে বড্ডাপাড়া খাদ্য গুদামের নিকটে মহাসড়কের পাশে স্তুপ দিয়ে রাখা ইট দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আটক করে মুখোশপরা সংঘবদ্ধ একদল ডাকাত। তারা রামদা, চাপাতি, চায়নিজ কুড়াল ও গরু জবাইয়ের ছুরি দেখিয়ে প্রথমে যাত্রীদের আতঙ্কিত ও পরে জিম্মি করে। এরপর চালক ও যাত্রীদের বেধড়ক পিটিয়ে টাকা, মোবাইল সেটসহ অন্যান্য জিনিস লুটপাট করতে থাকে।
ডাকাতের পিটুনিতে অপর আহতরা হলেন— নন্দনপুরের সিএনজিচালক মো. কুতুব মিয়া (৩২), যাত্রী মজলিশপুর গ্রামের রহিম মিয়া (২০), সুজন মিয়া (২৩), কালু মিয়া (৩০), হারুন মিয়া (৩৫) ও অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য সিএনজি অটোরিকশাচালক দুলাল মিয়া (৪০)।
