মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের রিভিউ পিটিশন, যুদ্ধাপরাধের বিচারে রাষ্ট্রপতির ক্ষমার বিধান রহিতকরণ ও জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ করেছে গণজাগরণ মঞ্চ।
রবিবার দুপুরে ইমরান এইচ সরকারের নেতৃত্বে মঞ্চের ৫ সদস্যের প্রতিনিধিদল আইন মন্ত্রণালয়ে গিয়ে এ স্মারকলিপি পেশ করেন। পরে নিজ কক্ষে ব্রিফিংয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডতিদের রাষ্ট্রপতি যেন ক্ষমা ঘোষণা না করতে পারেন এমন বিধান তৈরি এবং মানবতাবিরোধী অপরাধে সংগঠন হিসেবে জামায়াতের বিচার করার পরিকল্পনা সরকারের রয়েছে।
দুপুর ১টার দিকে রাজধানীর শাহবাগ থেকে আইন মন্ত্রণালয় অভিমুখে গণজাগরণ মঞ্চ ‘গণপদযাত্রা‘ বের কররে। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় পুলিশি বাধার মুখে পড়ে। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশশেষে ৫ সদস্যের প্রতিনিধি দল আইন মন্ত্রণালয়ে যায়। স্মারকলিপি জমা দিয়ে প্রতিনিধি দল ফিরে না আসা পর্যন্ত দুপুর সোয়া ২টা পর্যন্ত অন্য নেতা-কর্মীরা ঐ স্থানেই অবস্থান করেন।
সচিবালয়ের একটি ফটকে মন্ত্রীর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন আইন সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ হজিরুল হক।
এর আগে দোয়েল চত্বরের সমাবেশে ইমরান এইচ সরকার বলেন, যুদ্ধাপরাধী সাঈদীর রায়ের রিভিউ পিটিশন, যুদ্ধাপরাধের বিচার, রাষ্ট্রপতির ক্ষমার বিধান রহিতকরণ ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার যে দাবি আমরা উত্থাপন করেছি তা বাস্তবায়নে সরকার কোনো উদ্যোগ নেয়নি। দাবি না মানলে জনগণকে সঙ্গে নিয়ে দাঁতভাঙা জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ইমরান।
