সংসদীয় স্থায়ী কমিটি: মন্ত্রী অনুপস্থিত, বৈঠকে ‘অসন্তোষ’

আপডেট : ১৯ অক্টোবর ২০১৪, ২০:৫১
 
চলতি সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চতুর্থ বৈঠক ছিল রবিবার। কমিটির সদস্য দশ জন। তবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুসহ কমিটির সাত সদস্যই ছিলেন অনুপস্থিত। পরে কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরী উপস্থিত হওয়া অপর দুই সদস্য আব্দুর রাজ্জাক ও ফাতেমা তুজ্জহুরাকে নিয়ে কিছুক্ষণ বৈঠক করে তা মূলতবি করে দেন। চারটি বৈঠকের তিনটিতেই মন্ত্রীর অনুপস্থিতিতে সংক্ষিপ্ত ওই বৈঠকে অসন্তোষ প্রকাশ করা হয়।
স্বল্প সময়ের ওই বৈঠক শেষে কমিটির সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেছেন, মন্ত্রী ছাড়া বৈঠক করে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া যায় না। তাই সময় নষ্ট না করে বৈঠকটি সংক্ষিপ্ত করে চলে আসি আমরা। তিনি যোগ করেন, অন্যান্য গণতান্ত্রিক দেশে সংসদীয় কমিটির বৈঠকগুলোকে খুব গুরুত্ব দেওয়া হয়। সেসব দেশের সংসদের বৈঠকে অনুপস্থিতির হার কম, এমনকি সংসদীয় কমিটির বৈঠকে সবাই উপস্থিত থাকেন। কিন্তু আমাদের দেশের চিত্র উল্টো।
বৈঠকে অংশ না নেয়ার কারণ ব্যাখ্যা করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু রাতে ইত্তেফাককে জানান, সংসদীয় কমিটির গতকালের বৈঠকের সময়সূচি ঠিক করার আগে সংশ্লিষ্টরা তার সঙ্গে যোগাযোগ করেননি। একইসময়ে তার অন্য বেশ কয়েকটি সভা ছিল। বিশেষ করে তার সঙ্গে একাধিক রাষ্ট্রদূতের সাক্ষাতের সময়সূচি পূর্বনির্ধারিত ছিল। মন্ত্রী বলেন ‘তারপরেও কাজ সেরে আমি ভেবেছিলাম সংসদীয় কমিটির বৈঠকে যাবো, কিন্তু রাস্তায় যানজটের কারণে মনে হয়েছিল বৈঠক ধরতে পারব না। এজন্য আর যাওয়া হয়নি।’ শিল্পমন্ত্রী আরও জানান, বৈঠকের পরবর্তী সময়সূচি নিশ্চয়ই তার সঙ্গে আলাপ করে ঠিক করা হবে, তখন আর সমস্যা হবে না।
এদিকে, বৈঠকে আলোচনার বিষয়ে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,  বৈঠকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) কার্যক্রম সংক্রান্ত্র একটি প্রতিবেদন উত্থাপন করা হয়। তবে তা নিয়ে আলোচনা হয়নি। বিগত কয়েকটি বৈঠকের গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে ধীরগতিতে কমিটি অসন্তোষ প্রকাশ করে এবং সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়কে আরো তত্পর হওয়ার সুপারিশ করা হয়। 
 এছাড়া বৈঠকে ফরমালিনসহ অন্যান্য ক্ষতিকর রাসায়ণিক পদার্থের ব্যবহাররোধে বাংলাদেশ ষ্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) কর্তৃক পরিচালিত ভেজাল বিরোধী অভিযান জোরদারকরণ এবং প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশি­ষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।