নতুন কমিটিতে পদ না পাওয়া ছাত্রদলের পাঁচ নেতার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক হয়েছে। নয়া পল্টন কার্যালয়ের তৃতীয় তলায় তার নিজের কক্ষে রবিবার বিকালে এই বৈঠক হয়। ছাত্রদলের ওই নেতারা হলেন— গত কমিটির নেতা তরিকুল ইসলাম টিটু, মশিউর রহমান মিশু, শামসুজ্জোহা সুমন, হাবিবুর রহমান ও রাকিবুল ইসলাম রয়েল।
ঘণ্টাব্যাপী বৈঠকে ছাত্রদলের সাবেক সভাপতি রুহুল কবির রিজভী, হাবিব-উন নবী খান সোহেল ও যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন। এ সময় নতুন কমিটির নেতারা ভবনের চতুর্থ তলায় ছিলেন। সন্ধ্যা ৬টার পর নতুন কমিটির নেতাদের নিয়ে বেরিয়ে যান ফখরুল।
বিক্ষুব্ধদের পক্ষ থেকে গাজী রিয়াজ সাংবাদিকদের জানান— তাদের ক্ষোভের কথা বিএনপি মহাসচিবকে জানিয়েছেন। তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে বিষয়টি তুলবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আলোচনার পর সোমবার পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। তাই সে পর্যন্ত সব কর্মসূচি স্থগিত থাকবে।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছাত্রদলের নতুন কমিটি অনুমোদনের পর থেকে নয়া পল্টনে ছাত্রদলে অন্তঃকোন্দল চলছিল।
