আয়কর বিবরণী অনলাইনে জমা দেয়ার জন্য নতুন করে একটি প্রকল্প শুরু করেছে রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মাধ্যমে আগামী বছরের সেপ্টেম্বও নাগাদ করদাতারা ঘরে বসেই অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। কর অফিসে গিয়ে বিদ্যমান প্রথাগত পদ্ধতিতে রিটার্ন জমা দিতে হবে না। একই সঙ্গে যে কোন ব্যাংকের মাধ্যমে করের টাকা পরিশোধও করতে পারবেন। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় এ প্রকল্পের বাস্তবায়ন করবে এফটিপি নামে ভিয়েতনামের একটি প্রতিষ্ঠান।
রবিবার এ কার্যক্রমের উদ্বোধনের পর এক সাংবাদিক সম্মেলনে এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন এ সম্পর্কে আগামী সেপ্টেম্বর নাগাদ করদাতারা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। তবে যে কোন উপায়ে এটি ২০১৬ সালের জানুয়ারি থেকে শুরু হবে। পূর্ণাঙ্গভাবে শুরু হওয়ার পর আর বর্তমান ব্যবস্থায় রিটার্ন দাখিলের সুযোগ থাকবে না। এছাড়া বর্তমানে সোনালি ব্যাংকের মাধ্যমে কর পরিশোধ করতে হয়। কিন্তু এ পদ্ধতি চালু হলে করদাতারা যে কোন ব্যাংকের মাধ্যমে যাতে তাদের ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে যাতে কর পরিশোধ করতে পারেন সে ব্যবস্থা করা হবে।
এই ব্যবস্থা সফল হলে আগামী ৪ বছরে আয়কর আদায় বর্তমানের দ্বিগুণ হবে উল্লেখ করে তিনি বলেন, দেশে বর্তমানে ৬০ কোটি মানুষ কর দেয়ার ক্ষমতা রাখেন। এর মধ্যে মাত্র ১৮ লাখের কর ফাইল রয়েছে। কর ব্যবস্থার অটোমেশনের পর আগামী চার বছরে কেবল আয়কর থেকেই আদায় দ্বিগুণ করা সম্ভব হবে। গত ৫ বছরে আয়করে প্রবৃদ্ধি হয়েছে ১০৯ শতাংশ। সে জন্য সঙ্গত কারণেই এটি সম্ভব। সেক্ষেত্রে উইথহোল্ডিং কর আরো বাড়ানোর উপর জোর দেন তিনি।
এ সময় অন্যদের মধ্যে এনবিআর সদস্য কালিপদ হালদার ছাড়াও এডিবি ও প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
