মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের রিভিউ পিটিশন, যুদ্ধাপরাধের বিচারে রাষ্ট্রপতির ক্ষমার বিধান রহিতকরণ ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ করেছে গণজাগরণ মঞ্চ। গতকাল রবিবার দুপুরে ইমরান এইচ সরকারের নেতৃত্বে মঞ্চের ৫ সদস্যের প্রতিনিধিদল আইন মন্ত্রণালয়ে গিয়ে এ স্মারকলিপি পেশ করেন। পরে নিজ কক্ষে এক ব্রিফিংয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের রাষ্ট্রপতি যেন ক্ষমা না করতে পারেন এমন বিধান তৈরি এবং মানবতাবিরোধী অপরাধে সংগঠন হিসেবে জামায়াতের বিচার করার পরিকল্পনা সরকারের রয়েছে।
এদিকে মঞ্চের স্মারকলিপি পেশের পর নিজ অফিসে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, যুদ্ধাপরাধের দায়ে ব্যক্তির পাশাপাশি দল হিসেবে জামায়াতের বিচারের লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন (আইসিটি)’১৯৭৩ এর সংশোধনী মন্ত্রিসভার আগামী ৩ নভেম্বরের বৈঠকে উঠছে। ওই বৈঠকে সংশোধনীটির খসড়া মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে।
