ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার আরো একটি মামলায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহের নিগার এই আদেশ দেন।
গত ২ অক্টোবর ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন লায়ন আবু বকর সিদ্দিকী। ঐ দিনই বিচারক লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির হওয়ার জন্য আজ দিন ধার্যং করেন। তিনি হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আগামী ২৭ নভেম্বর গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করেছে আদালত।
এর আগে গত ১৫ অক্টোবর অ্যাডভোকেট শাহ আলমের দায়ের করা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনান। একই সঙ্গে আগামী ২৩ নভেম্বর গ্রেফতারি পরোয়ানা দাখিলের প্রতিবেদন জমা দেয়ার তারিখ ধার্য করা হয়।
