মুক্তিযোদ্ধাকে হত্যা: দুই জনের যাবজ্জীবন

আপডেট : ২০ অক্টোবর ২০১৪, ১৪:৩৩
 
নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার নলজুড়ি গ্রামের মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানকে হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে প্রত্যেককে আরো পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দিয়েছে আদালত। নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মোঃ আব্দুল হামিদ আজ সোমবার আসামিদের উপস্থিতিতে এই আদেশ দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-রুহুল আমিন মিলন ও রফিকুল ইসলাম মোখলেছ। খালাসপ্রাপ্তরা হলেন-জুলহাস, খায়রুল বাশার ও জাহাঙ্গীর কবীর।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, মোহনগঞ্জ নলজুড়ি গ্রামের মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের ফিসারীর মাছ ধরা ও মাছ বিক্রির টাকা নিয়ে তাদের সাথে সিদ্দিকুর রহমানের মতবিরোধ দেখা দেয়। এরই জের ধরে বিগত ২০০৩ সালে ৯ অক্টোবর সিদ্দিকুর রহমানকে একা পেয়ে আসামিরা হত্যা করে সাতমা ধলাই নদীতে ফেলে দেয়। পরদিন সকালে মৃতের লাশ জেলেদের জালে ধরা পড়ে। এ ঘটনায় মৃতের ছোট ভাই মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে মোহনগঞ্জ থানায় ১০ অক্টোবর একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে ২০০৪ সালের ৩১ মে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ্ই আদেশ দেয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি মোঃ সাইফুল আলম প্রদীপ আর আসামিপক্ষে মামলা পরিচালনা করেন পিযোষ কুমার সাহা ও আনিসুর রহমান।