রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) সাবেক চেয়ারম্যান আবদুস সালেকের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান থাকাকালীন তিনি ১ কোটি ২০ লাখ টাকা আত্মসাত করেন বলে অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত পুরাতন অভিযোগ আমলে নিয়ে দুদক এ অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে। কমিশন থেকে এক অফিস আদেশের মাধ্যমে রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালককে একজন কর্মকর্তাকে নিয়োগ দিয়ে অতি দ্রুততম সময়ের মধ্যে কমিশনে প্রতিবেদন পেশ করার নির্দেশ দেয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে দুদক সূত্রে জানা যায়, সাবেক চেয়ারম্যান আবদুস সালেকের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিভিন্ন সময়ে ১ কোটি ২০ লাখ ২৮ হাজার টাকা আত্মসাত করা অভিযোগ রয়েছে। বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর শেষের দিকে এ বিষয়ে অভিযোগটি আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। তবে দীর্ঘদিন অভিযোগটি অনিষ্পন্ন সেলে ফাইলচাপা ছিল। কমিশন অভিযোগটি ক্ষতিয়ে দেখতে সিদ্ধান্ত নেয় ।
