সিরাজুল লতিফ ও আকরামের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ নভেম্বর

আপডেট : ২০ অক্টোবর ২০১৪, ১৯:৩৩
 
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টার, আব্দুল লতিফ তালুকদার ও খান আকরাম হোসেনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করা হবে কিনা এ সংক্রান্ত আদেশের জন্য আগামী ৫ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।
সোমবার অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এই দিন ধার্য করেন।
আব্দুল লতিফ তালুকদার ও খান আকরাম হোসেনের পক্ষে শুনানি করেন তাদের আইনজীবী ব্যারিস্টার মীর সরোয়ার হোসেন।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারের পক্ষে অ্যাডভোকেট আবুল হাসান ও রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর সৈয়দ সায়েদুল হক সুমন। গত ১৫ সেপ্টেম্বর এ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন ট্রাইব্যুনাল।
তদন্তে সিরাজুল হকসহ তিনজনের বিরুদ্ধে আটটি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে চারটি অভিযোগে শুধু সিরাজুল হকের সংশ্লিষ্টতা রয়েছে। দুটি অভিযোগে যৌথভাবে লতিফ তালুকদার ও আকরাম হোসেনের সংশ্লিষ্টতা ও বাকি দুটি অভিযোগে তিনজনেরই সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সিরাজুল হকসহ তিন আসামিই এখন কারাগারে আছেন। গত ১০ জুন এই তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল-১ গ্রেফতারি পরোয়ানা জারি করলে ওই রাতেই আবদুল লতিফ বাগেরহাট থেকে গ্রেফতার হন। আকরাম হোসেন এলাকা ছেড়ে‌ পালালেও ২০ জুন তাঁকে রাজশাহী থেকে গ্রেফতার করা হয়। আর আত্মগোপনে থাকা সিরাজুল হক ২১ জুলাই বাগেরহাট সদর থানার ডেমা গ্রাম থেকে গ্রেফতার হন।