সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশে ৩৩তম বিসিএসের আরও ১৫৭ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে ১৪০ জন, প্রশাসন ক্যাডারে ৪ জন, পুলিশে ৩ জন, ২ জন কর, ২ জন মত্স্য, গণপূর্তে ১ জন, পশু সম্পদে ১ জন, সাধারণ শিক্ষায় ৪ জনকে নিয়োগ দেয়া হয়।
আগামী ২ নভেম্বরের মধ্যে প্রার্থীদের সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ে যোগদান করতে বলা হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mpoa.gov.bd) পাওয়া যাবে।
এর আগে গত ১০ জুলাই ৩৩তম বিসিএস থেকে ৮ হাজার ১১৫ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেয়া হয়। এর মধ্যে ৬ হাজার ৩৩ জনকে স্বাস্থ্য ক্যাডার এবং ২ হাজার ৭২ জন সাধারণ ক্যাডারে নিয়োগ পান।
গত বছরের ২১ নভেম্বর ৩৩তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়, যাতে আট হাজার ৫২৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেয়ার জন্য সুপারিশ করা হয়। পরবর্তীতে আরো ১৩০ জনকে নিয়োগ দেয়ার সুপারিশ করে কমিশন। চার হাজার ২০৬টি শূণ্য পদে নিয়োগ দিতে ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি ৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
২০১২ সালের ১ জুন প্রিলিমিনারি পরীক্ষা শেষে ২৮ জুন তার ফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হন ২৮ হাজার ৯১৭ জন। এ পরীক্ষায় এক লাখ ৯৩ হাজার ৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এরপর একই বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১৮ হাজার ৬৯৩ জন প্রার্থী। গত বছরের মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত মৌখিক পরীক্ষায় অংশ নেন তারা।
