মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি: আরও ৪ সচিবের বিরুদ্ধে অনুসন্ধান

আপডেট : ২০ অক্টোবর ২০১৪, ২০:৩৭
 
মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অভিযোগে আরো চার সচিবসহ সাত জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীত দমন কমিশন (দুদক)। এই সাতজনের মধ্যে চারজন সচিব, দুইজন যুগ্ম সচিব এবং একজন অতিরিক্ত সচিব রয়েছেন। 
সোমবার কমিশনের গণসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সচিবদের বিরুদ্ধে প্রাথমিক এ অনুসন্ধানের বিষয়টি নিশ্চিত করেছেন ।
দুদক সূত্র জানায়, এ সাতজন হলেন, প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকতার হোসেন, ধর্ম সচিব চৌধুরী মোহাম্মদ বাবুল হাসান, পররাষ্ট্র সচিব শাহাবউল্লাহ (ওএসডি), ট্যারিফ কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুর রহমান, যুগ্ম সচিব (ওএসডি) মোহাম্মদ জাকির হোসেন, যুগ্ম সচিব (ওএসডি) মোহাম্মদ আবদুল্লাহ, অতিরিক্ত সচিব (ওএসডি) জাহাঙ্গীর হোসেন।
এর আগে জালিয়াতি করে নেওয়া ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়ে সরকারি সুযোগ-সুবিধা নেওয়ায় গত ২২ সেপ্টেম্বর তিন সচিব ও এক যুগ্ম সচিবের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়। একই দিন স্থগিত করা হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামানের (প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান) মুক্তিযোদ্ধা সনদের গেজেট। 
ওই চার সচিব হলেন- স্বাস্থ্য সচিব এম এন নিয়াজ উদ্দিন মিয়া, সরকারি কর্মকমিশনের সচিব এ কে এম আমির হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী (বর্তমানে ওএসডি) এবং একই মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (ওএসডি) আবুল কাসেম তালুকদার।