হরিয়ানা এবং মহারাষ্ট্রে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ‘একলা চলো’ নীতি যখন সাফল্যের মুখ দেখছে, ঠিক তখনই ‘একক’ ভাবে অন্য এক সফলতার নজির গড়লেন দলেরই এক তরুণ এমপি। তিনি সাবেক কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সদ্য প্রয়াত নেতা গোপীনাথ মুন্ডের ছোট মেয়ে। নাম প্রীতম মুন্ডে। বাবার মৃত্যুতে বীড় লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রীতম ছিলেন বিজেপির প্রার্থী। রবিবারে ফল ঘোষণার পর দেখা যায়, তিনি ওই আসন থেকে প্রায় সাড়ে ৯ লাখ ভোট পেয়েছেন! অর্থাত্ প্রায় ৭ লাখেরও বেশি ভোটের ব্যবধানে জিতেছেন। ভারতের ইতিহাসে কোনও প্রার্থীর এখনও পর্যন্ত এটাই সবচেয়ে বেশি ভোটে জেতার রেকর্ড।
২০০৪-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের আরামবাগ কেন্দ্র থেকে বামফ্রন্ট প্রার্থী অনিল বসু ৫ লক্ষ ৯২ হাজারেরও বেশি ভোটে জিতেছিলেন। সেটাই ছিল এতদিন ভারতের সর্বোচ্চ রেকর্ড। সেই রেকর্ডের ইতি ঘটলো। -এনডিটিভি
