শাহজালালে ৩০টি সোনার বার উদ্ধার, আটক ১

আপডেট : ২১ অক্টোবর ২০১৪, ০০:১০

সোমবার রাত ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কোটি টাকা মূল্যের সোনাসহ একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার উম্মে নাহিদা আক্তার জানান, রাত সাড়ে ৯টার দিকে লিটন মিয়া (৩৫) নামে একজনকে আটক করা হয়। লিটনের গ্রামের বাড়ি টাঙ্গাইলে।

নাহিদা জানান, গ্রীন চ্যানেল পার হওয়ার সময় লিটনের কোমর থেকে তিন কেজি ওজনের ৩০টি সোনার বার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য দেড় কোটি টাকা। লিটন সিঙ্গাপুর থেকে টাইগার এয়ারওয়েজের একটি বিমানে করে ঢাকায় আসেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।