প্রতিটি শিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করব: প্রধানমন্ত্রী

আপডেট : ২১ অক্টোবর ২০১৪, ১৬:৩৮
দেশের সকল শিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারাবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ রাসেলের ৫০তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষ্যে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত দাবা, চিত্রাংকন এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণকালে তিনি এই কথা বলেন। খবর: বাসসের।
শেখ হাসিনা বলেন, শেখ রাসেলের মতো একটি ছোট শিশুকে হত্যা করাকে ১৯৭৫ সালের ১৫ আগস্টের সবচেয়ে বর্বারোচিত হত্যাকা-। আমরা এ ধরনের আর কোন শিশুর মৃত্যু দেখতে চাই না। আমরা শিশুদেরকে একটি নিরাপদ ভবিষ্যৎ দিতে এবং সকল পর্যায়ে দেশকে নেতৃত্ব দিতে সক্ষম করতে দেশের মূল্যবান নাগরিক হিসেবে তাদের প্রত্যেককে গড়ে তুলতে চাই।
তিনি বলেন, রাসেল ছিল আমার অনেক ছোট। ছোটবেলা থেকেই আমি তাকে দেখাশুনা করতাম। আমি আর কোন শিশুর জীবনে এমন ঘটনা দেখতে চাই না।
প্রধানমন্ত্রী বলেন, ১৫ আগস্টের ঘটনা শুধু একটি পরিবারকে শেষ করে দেয়াই লক্ষ্য ছিল না, ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যই ছিল মহান মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ধ্বংস করে দেশকে অন্যদিকে পরিচালিত করা এবং দেশকে পরাজিত শক্তির হাতে তুলে দেয়াই ছিল তাদের উদ্দেশ্য।
পরিষদের সভাপতি রকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, পরিষদের মহাসচিব মাহমুদুম সামাদ চৌধুরী, পরিষদের উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা, ঢাকা চ্যাপ্টারের সভাপতি কে এম শহিদুল্লাহ এবং পরিষদের সদস্য ইসরাত জাহান ইমা বক্তব্য রাখেন।