টানা ৩ দিন দরপতনের পর ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার

আপডেট : ২১ অক্টোবর ২০১৪, ১৮:০৯
 
 
তিন কার্যদিবস টানা দরপতনের পর ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজারের সূচক ও লেনদেন। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া প্রায় ৭৫ ভাগ কোম্পানির শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে লেনদেন বেড়েছে ১৬ শতাংশেরও বেশি।
তথ্যে দেখা গেছে— আজ ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৮৯ বেড়ে ৫ হাজার ২৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৩৮ পয়েন্ট কমে ১ হাজার ৯৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৯৪ কোটি ২৩ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৯৭ কোটি ২৭ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২২৭টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের। অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ২৬৩ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ১৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪৪ কোটি ৬ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ২ কোটি টাকা কম। লেনদেনকৃত ২২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৩টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের।
ডিএসই সূত্রে জানা গেছে— প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডকে তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে ডিএসই। বোর্ড সভায় তালিকাভুক্তির অনুমোদন দেয়া হয়। আগামী সপ্তাহের শেষ নাগাদ এর লেনদেন শুরু হতে পারে। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড আইপিওর মাধ্যমে শেয়ারবাজারে ৪ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে ১৫৭ কোটি ৫০ লাখ টাকা উত্তোলন করে। এ জন্য ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। উত্তোলিত অর্থ কোম্পানিটি ব্যাংক ঋণ পরিশোধ, অবকাঠামো উন্নয়ন এবং আইপিও খাতে ব্যয় করবে। গত ৩০ জুন ২০১৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) দেখিয়েছে ২ টাকা ৯ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৪০ দশমিক ২৭ টাকা।