মস্কোয় বিমান দুর্ঘটনায় তেল কোম্পানি টোটালের সিইও নিহত

আপডেট : ২১ অক্টোবর ২০১৪, ১৮:৩০
 
রাশিয়ার রাজধানীতে এক বিমান দুর্ঘটনায় ফ্রান্সের বিখ্যাত তেল কোম্পানি টোটাল-এর প্রধান নির্বাহী ক্রিস্তোফে দ্য মারগেরি (৬৩) নিহত হয়েছেন।
সোমবার স্থানীয় সময় রাত ১১ টা ৫৭ মিনিটে মারগেরির ব্যক্তিগত বিমান মস্কোর ভনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরে বরফ কাটার যন্ত্রের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়। এরপর বিমানটিতে আগুন ধরে যায়। এতে বিমানে থাকা টোটালের প্রধান নির্বাহীসহ চার জনের সবাই নিহত হন।
রাশিয়ার তদন্তকারীরা জানিয়েছেন, বরফ কাটার যন্ত্রের চালক মাতাল ছিলেন। 
ক্রিস্তোফে দ্য মারগেরি ২০০৭ সাল থেকে ইউরোপের তৃতীয় বৃহত্তম তেল কোম্পানি টোটাল - এর প্রধান নির্বাহী ছিলেন। তেল শিল্পে তিনি অতি সম্মানীয় ব্যক্তি ছিলেন।
টোটাল-এর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গভীর শোক ও দুঃখের সঙ্গে টোটাল জানাচ্ছে যে প্রধান নির্বাহী ক্রিস্তোফে দ্য মারগেরি সোমবার রাত ১০টার (প্যারিস সময়) কিছু পরে মস্কোর ভনুকোভো বিমানবন্দরে ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন।একটি বরফ কাটার যন্ত্রের সঙ্গে ধাক্কা খেয়ে তার বিমান বিধ্বস্ত হয়।’
ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভ্যালস এক বিবৃতিতে বলেন, ফ্রান্স একজন প্রখ্যাত ব্যবসায়ী নেতাকে হারাল। 
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তার মৃত্যুতে শোক জানিয়েছেন।
সোমবার মস্কোর নিকটবর্তী গোর্কিতে বিদেশি বিনিয়োগ নিয়ে রুশ সরকারের একটি বৈঠকে যোগ দিতে মারেেগরি রাশিয়ায় এসেছিলেন। তিনি বিশ্বের জ্বালানি কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীদের মধ্যে অন্যতম সর্বাধিক পরিচিত ব্যক্তিত্ব ছিলেন।
রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের সঙ্গে তার বাসভবনে বৈঠকের কয়েক ঘন্টা পর বিমান দুর্ঘটনায় মারগেরি নিহত হন।  টোটাল ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম কোম্পানি যার বাজারমূল্য ১ লাখ ২ হাজার কোটি ইউরো।