নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার মো. লুত্ফর রহমানের বিরুদ্ধে প্রায় সাড়ে ১২ কোটি টাকার রাজস্ব আত্মসাত্সহ নানা দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এমন সুনির্দিষ্ট অভিযোগ আমলে নিয়ে কমিশন চলতি সপ্তাহে তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।
ইতিমধ্যে দুদকের পরিচালক মো. নূর আহাম্মেদকে তদারককারী কর্মকর্তা হিসেবে এবং দুদকের এক উপপরিচালককে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে দুদক সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার মো. লুত্ফর রহমান চট্টগ্রামের সাবেক সাব-রেজিস্ট্রার থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে নিজে লাভবান হওয়ার উদ্দেশ্যে সরকারের ১২ কোটি ৩৫ লাখ টাকা রাজস্ব ক্ষতিসাধন করেন। ওই সময় দায়িত্বে থাকাকালীন তিনি ভূমি রেজিস্ট্রেশনসহ নানা কর্মকাণ্ডে দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
