বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সভায় নেতৃবৃন্দ বলেছেন- বাম গণতা্ন্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ সংগ্রামই বিকল্প রাজনীতি গড়ে তুলতে পারে। একইসঙ্গে নেতৃবৃন্দ বলেছেন, গুম-খুন-নৈরাজ বন্ধ, গডফাদার সন্ত্রাসী ক্যাডার বাহিনী দমন, দফায় দফায় গ্যাস-বিদ্যুত্-ডিজেল-কেরোসিনের দাম বাড়ানোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
মঙ্গলবার বালাদেশর কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে সিপিবি-বাসদের সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ, বজলুর রশীদ ফিরোজ, সাজ্জাদ জহির চন্দন প্রমুখ।
বক্তারা বলেন, গণতন্ত্র, গণতান্ত্রিক প্রতিষ্ঠান রক্ষা, বাক-ব্যক্তি-সংবাদপত্রের স্বাধীনতার উপর হস্তক্ষেপ বন্ধ করা, ঘুষ-দুর্নীতি-সন্ত্রাস দলীয়করণ লুটপাট ও আর্থিক কেলেঙ্কারি বন্ধ করা এবং লুটপাটকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে জনকলাণে ব্যয় করতে হবে।
কর্মসূচির মধ্যে রয়েছে— ২২ অক্টোবর বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গ্যাস-বিদ্যুত্-কেরসিন-ডিজেলের মূল্য বৃদ্ধির চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল। ১ নভেম্বর, ‘গ্যাস-বিদ্যুত্-কেরসিন-ডিজেলের মূল্য বৃদ্ধি গণদুর্ভোগ বৃদ্ধির সরকারী পাঁয়তারা’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভা, সকাল ১১টা, মুক্তিভবন। ৮ নভেম্বর, গ্যাস-বিদ্যুত্-কেরোসিন-ডিজেলের মূল্যবৃদ্ধির চক্রান্তের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিল। এছাড়াও ঢাকায় এনার্জি রেগুলেটরী কমিশন ঘেরাওসহ অন্যান্য কর্মসূচি পালিত হবে। এছাড়া হলমার্ক, বেসিক ব্যাংক, কৃষি ব্যাংকের দুর্নীতি, লুটপাট, আর্থিক কেলেংকারীতে জড়িত দুর্নীতিবাজ লুটপাটকারীদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবিতে গোলটেবিল বৈঠক, বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি পালিত হবে।
