তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সমাজে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং চক্রান্তকারীদের হাত থেকে গণতন্ত্রকে রক্ষার স্বার্থেই প্রস্তাবিত সমপ্রচার নীতিমালা ও তথ্য অধিকার আইন-২০০৯ এ কিছু বিধি-নিষেধ রাখা হয়েছে। এ বিধি নিষেধ অগণতন্ত্রাকি নয়। গণতন্ত্রের নিরাপত্তা শৃঙ্খলা ও মানুষের সম্মান রক্ষার জন্যই এ বিধি নিষেধ।
মঙ্গলবার দুপুরে রাজধানীর ব্রাক সেন্টারে আয়োজিত ‘তথ্য অধিকার আইন-২০০৯ এর ৭-ধারা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ম্যানজমেন্ট এ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও মানুষের জন্য ফাউন্ডেশন এ সেমিনারের আয়োজন করে।
তথ্যমন্ত্রী বলেন, তথ্য অধিকার আইন একদিকে তথ্য লুকানোর খাঁচা থেকে প্রতিষ্ঠানের তথ্য প্রকাশে ভূমিকা রাখছে, অন্যদিকে অবাধ তথ্য প্রবাহ সচল রেখে জনগণের তথ্য পাওয়ার অধিকারকে সমুন্নত রাখছে। কিন্তু যেসব তথ্য ব্যক্তি মানুষের নিরাপত্তা ও গোপনীয়তা বিনষ্ট করে এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের ভারসাম্যহীনতা তৈরি করে সেসব তথ্য দেয়া যায় না। এটা ভাবার কারণ নেই যে, মানুষের অবাধ তথ্য পাওয়ার প্রবাহকে সংকোচিত করা হচ্ছে।’
তিনি বলেন, ‘তথ্য অধিকার আইনের কিছু সীমাবদ্ধতা রয়েছে। গত পাঁচ বছরের অভিজ্ঞতার আলোকে কিছু সংশোধন আনা প্রয়োজন। সব আইন হালনাগাদ করা হয়, তথ্য অধিকার আইন-২০০৯ এর হালনাগাদের উদ্যোগ নেয়া হবে।’
সেমিনারে বক্তরা অভিযোগ করে বলেন, ‘বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান তথ্য অধিকার আইন-২০০৯ এর ৭ ধারার অপব্যবহার করছে। তারা ধারা ৭ এর বিভিন্ন ধারার কথা উল্লেখ করে তথ্য দেয়া থেকে বিরত থাকছে।
তথ্য অধিকার আইনের ৭ ধারায় বলা হয়, কতিপয় তথ্য প্রকাশ বা প্রদান বাধ্যতামূলক নয়। এগুলোর মধ্যে অন্যতম হলো, বাংলাদেশের নিরাপত্তা, অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি হতে পারে এমন তথ্য, বিদেশি সরকারের কাছ থেকে পাওয়া তথ্য, কোন ব্যক্তির বা শারীরিক নিরাপত্তা বিপদাপন্ন হতে পারে এমন তথ্য, আদালতে বিচারাধীন কোন বিষয়ে এবং যা প্রকাশে আদালত বা ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা রয়েছে অথবা যা প্রকাশ আদালত অবমাননার শামিল হয় এমন তথ্য প্রকাশ করা যাবে না।’
সেমিনারে উপস্থিত ছিলেন-আইন সচিব আবু সালেহ শেখ মোহম্মাদ জহিরুল হক, প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ওমর ফারুক, সাবেক তথ্য কমিশনার আবু তাহের, অধ্যাপক ড. সাদেকা হালিম, তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার, সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল প্রমুখ।
