কৌশলগত অবস্থানের সুযোগ নিতে হবে বাংলাদেশকে: জাপানের রাষ্ট্রদূত

আপডেট : ২১ অক্টোবর ২০১৪, ২১:০১
 
ঢাকায় জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা বলেছেন, বাংলাদেশের অবস্থান কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। এই অবস্থান ব্যবহার করে আগামী দিনগুলোতে উন্নয়নবিষয়ক বৈশ্বিক যে কোনো উদ্যোগের পূর্ণ সুবিধা বাংলাদেশকে নিতে হবে।
 মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) মিলনায়তনে ‘জাপান-বাংলাদেশ সমন্বিত অংশীদারি’ শীর্ষক বক্তৃতায় তিনি এ কথা বলেন। বিসের চেয়ারম্যান মুনশি ফয়েজ আহমেদের সভাপতিত্বে বক্তৃতা অনুষ্ঠানে বক্তব্য রাখেন  বিস মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আবদুর রহমান। অনুষ্ঠানে শিক্ষাবিদ, কূটনীতিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, নীতি নির্ধারক উপস্থিত ছিলেন।
জাপানের রাষ্ট্রদূত বলেন, প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগর যেখানে সংযুক্ত হয়েছে সেখানে বাংলাদেশের অবস্থান। এই অবস্থান বাংলাদেশের জন্য অনেক সুযোগের সৃষ্টি করেছে। তিনি বলেন, উচ্চ মূল্যের পণ্য উত্পাদনের পাশাপাশি উত্পাদন ভিত্তি বিকেন্দ্রিকরণের মধ্য দিয়ে বাংলাশেকে উন্নয়নের নতুন পর্যায়ে নিতে সহযোগিতার অংশ হিসেবে ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট (বিগ বি)’ উদ্যোগকে জাপান উত্সাহিত করছে। তিনি বলেন, জাপানের বা অন্য কারো উদ্যোগ স্বতন্ত্র কিছু নয়। অন্যদের উদ্যোগের সব সুবিধা নেয়ার মতো অবস্থানেই রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে ব্যবসার ক্ষেত্রে জাপান ও চীন পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করছে, গণমাধ্যমে এমন খবর নাকচ করে শিরো সাদোশিমা বলেন, এটি সত্য নয়। আমরা যা করি তা অন্য দেশগুলোর জন্যও লাভজনক। আমাদের উদ্যোগগুলো অন্যদের উদ্যোগের চেয়ে খুব আলাদা নয়।