ইবোলার ভ্যাকসিন আবিষ্কার

আপডেট : ২১ অক্টোবর ২০১৪, ২১:২৬



অবশেষে ইবোলার বিরুদ্ধে লড়াইয়ে বড় সাফল্য অর্জন করেছেন কানাডার চিকিৎসা বিজ্ঞানীরা। শেষপর্যন্ত তারা আবিষ্কার করেছেন এই মরণ ভাইরাসের প্রতিষেধক। ইবোলার ভ্যাকসিন তৈরি করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিলেন কানাডার গবেষকরা। কয়েক বছরের গবেষণায় তারা এই অসাধ্য সাধন করেছেন। গত শনিবার কানাডার রাজধানী অটোয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেয়। ২১ অক্টোবর থেকেই কানাডায় ক্লিনিক ও হাসপাতালে পরীক্ষামূলক ইবোলার ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। এর আগে অন্য প্রাণীর ওপর ঐ ভ্যাকসিন প্রয়োগ করে কার্যকর ফল পেয়েছেন বিজ্ঞানীরা।

কানাডার প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা গ্রেগরি টেইলর এক বিবৃতিতে বলেন, দীর্ঘ গবেষণার পরে এবোলার ভ্যাকসিন (ভিএসভি-ইবিওভি) তৈরি করেছেন কানাডার ন্যাশনাল মাইক্রোবায়োলজি ল্যাবরেটরির গবেষকরা। পশু দেহে পরীক্ষা করা হয়েছে, যা চূড়ান্তভাবে সফল। তবুও চূড়ান্ত পর্যায়ে পরীক্ষার জন্য ভ্যাকসিনটি সুইজারল্যান্ড পাঠাচ্ছে কানাডা সরকার। আগামী মঙ্গলবারের মধ্যে পরীক্ষামূলক এই ভ্যাকসিনের এক হাজারের বেশি ডোজ জেনেভায় পাঠানো হবে। সেখানে জেনেভা ইউনিভার্সিটি হসপিটাল (এইচইউজি)-এ সেগুলো স্টোর করে রাখা হবে।

শুষ্ক বরফের সঙ্গে একটি বিশেষ বোতলে (কন্টেইনার) ভিএসভি-এবো ভ্যিাকসিন প্যাকেট করে বাজারজাত করা হচ্ছে। মাইনাস ৮০ ডিগ্রি সেলসিয়াস অথবা মাইনাস ১১২ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় এটি সংরক্ষণ করতে হবে।
কানাডীয় সরকার নিউলিংক জেনেটিকস করপোরেশনকে এটি বাজারজাতের অনুমতি দিয়েছে।
টরন্টোর অনলাইন দ্য বেঙ্গলি টাইমস ডটকম থেকে আরো জানা যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুসারে এই পর্যায়ে ভিএসভি-ইবিওভি ভ্যাকসিনগুলিকে মানব দেহে পরীক্ষার পালা। চলতি মাসের শেষ নাগাদ অথবা আগামী মাসে প্রথম থেকে শুরু হবে এই প্রক্রিয়া। আর পরীক্ষা সফল হলে চিকিৎসা বিজ্ঞানের জগতে নতুন দিগন্ত খুলে যাবে।
২০১৩ সালের শুরুতে এই ভাইরাস দেখা দেয়। মার্চে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। গত সেপ্টেম্বর থেকে এটি আফ্রিকার কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে। সিয়েরালিওন, লাইবেরিয়া, গায়নায় এবোলা আঘাত হেনেছে বেশি। কিন্তু এটি থামাতে না পারায় সৃষ্টি হয় উদ্বেগ উৎকণ্ঠার।
গত ১৪ অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক সমীক্ষায় জানা যায়, প্রাদুর্ভাবের পর থেকে এখন পর্যন্ত ইবোলায় চার হাজার ৪৪৭-এর বেশি লোকের মৃত্যু হয়েছে।