রাজশাহীতে পুলিশ ভ্যানে ককটেল হামলা

আপডেট : ২১ অক্টোবর ২০১৪, ২১:২৪
 
রাজশাহী মহানগরীতে পুলিশ ভ্যানে ককটেল হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে মহানগরীর সাহেব বাজার এলাকায় এই ঘটনা ঘটে। তবে ককটেলটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় এতে ক্ষয়-ক্ষতি ও কেউ হতাহত হয়নি। কে বা কারা ককটেলটি নিক্ষেপ করেছে, সে সম্পর্কেও পুলিশ কোনো তথ্য দিতে পারেনি। 
নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকার ঘটনার সত্যতা স্বীখার করেছেন। তবে পুলিশ রাত ৯টা পর্যন্ত ককটেল নিক্ষেপকারীদের চিহ্নিত ও গ্রেফতার করতে পারেনি। 
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা পৌনে সাতটার দিকে নগরীর সাহেব বাজার এলাকার শিবগঞ্জ সুইটসের সামনে দিয়ে পুলিশের একটি টহলভ্যান যাচ্ছিলো। এসময় অজ্ঞাত দুর্বৃত্তরা ওই পুলিশ ভ্যান লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পুলিশ ভ্যানের বাইরে পার্শ্বের শিবগঞ্জ সুইটসের সামনের ফুটপাতে বিকটশব্দে বিস্ফোরিত হয়। এতে ওই দোকানের সামনের অংশের কাঁচ সামান্য ভেঙে যায়। এ ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারিরা ছুটাছুটি শুরু করেন। মুহূর্তেই পুরো এলাকা ফাঁকা হয়ে যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থতি স্বাভাবিক হয়।