জাতীয় সংসদের স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরীজাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সিপিএ এবং আইপিইউ’র মতো দুটি সংস্থার সর্বোচ্চ পদে দু’জন বাঙালির বিজয় বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের বিজয়, এ বিজয় বাংলাদেশের জনগণের, সংসদীয় গণতন্ত্রের বিজয় । এ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। পৃথিবীর কাছে বাংলাদেশ এক অনন্য নজির স্থাপন করেছে। বিশ্বের সবচেয়ে বড় দুটি পার্লামেন্টারি ফোরাম থেকে বাংলাদেশ এই স্বীকৃতি পেয়েছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
নবনির্বাচিত কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নবনির্বাচিত প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরীও দেশে ফিরেছেন।
বুধবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাদের দু’জনকে জমকালো সম্বর্ধনা দেবে জাতীয় সংসদ সচিবালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এদিকে, শিরীন শারমিন চৌধুরী ও সাবের হোসেন চৌধুরীকে বরণ করতে সংসদ ভবনসহ পুরো এলাকাকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। সংসদ ভবন চত্বর আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। জাতীয় সংসদের ক্রিসেন্ট লেকসহ আশপাশের সকল স্থপনা ও গাছেও বিশেষ আলোকসজ্জা করা হয়েছে। দক্ষিণ প্লাজায় পশ্চিম মুখ করে বিশাল মঞ্চ বানানো হয়েছে। সম্বর্ধনা অনুষ্ঠানকে জমকালো করে তুলতে প্রস্তুত রাখা হয়েছে চৌকস বাদক দল। অনুষ্ঠানের শেষ পর্বে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্পিকার ও সাবের চৌধুরীর সম্বর্ধনা অনুষ্ঠান উপলক্ষে সংসদ ভবন এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন অনুষ্ঠান আয়োজক কমিটির প্রধান ও চিফ হুইপ আ.স.ম ফিরোজ।
ক্যামেরুনের রাজধানী ইয়াউনদে’তে গত ৯ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে ৭০ ভোট পেয়ে সিপিএ চেয়ারপারসন নির্বাচিত হন স্পিকার। তার প্রতিদ্বন্দ্বী পান ৬৭ ভোট। তিন বছর মেয়াদি এই পদে বাংলাদেশের স্পিকারের প্রতিদ্বন্দ্বি ছিলেন ক্যারিবীয় অঞ্চলের কেইম্যান আইল্যান্ডসের স্পিকার জুলিয়ানা ও’কনর। ৩৫ সদস্যের নির্বাহী কমিটির নির্বাচনে প্রথম বাংলাদেশি হিসেবে চেয়ারপারসন পদে নির্বাচিত হন শিরীন শারমিন। নির্বাচনে কমনওয়েলথভূক্ত ৫৩টি সদস্য রাষ্ট্রের ১৭৫টি পার্লামেন্টের ৩২১ জন ভোটার ছিলেন। তবে ভোট দিয়েছেন ১৩৭ জন। অন্যদিকে, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের চৌধুরী গত ১৬ অক্টোবর আইপিইউ’র প্রেসিডেন্ট নির্বাচিত হন।
