ঝালকাঠির তরুণ লিমন হোসেনের পঙ্গুত্বের জন্য দায়ী র্যাপিড একশন ব্যাটেলিয়নের (র্যাব) সদস্যদের বিচারের মুখোমুখি করার আহবান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সোমবার নিউইয়র্কভিত্তিক সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত ‘নো জাস্টিস ফর ওন্ডেড চাইল্ড’ শীর্ষক বিবৃতিতে এ আহবান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, কর্তৃপক্ষ শেষ পর্যন্ত লিমনের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যমূলক অভিযোগ প্রত্যাহার করেছে। কিন্তু তার ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। সরকারের উচিত স্বাধীনভাবে তদন্ত করা এবং দায়ীদের বিচারের মুখোমুখি করা। এইচআরডব্লিউ’র বিবৃতিতে বলা হয়, র্যাব সদস্যদের নিরাপত্তা অভিযানে ভুল করে কলেজ ছাত্র লিমনের ওপর গুলি চালানো হয় ২০১১ সালে ২৩ মার্চ। চারদিন পর তার জীবন বাঁচাতে একটি পা কেটে ফেলতে হয়। পরে র্যাব স্বীকার করেছিলো দুর্ঘটনাবশত লিমন আক্রান্ত হয়েছে। কিন্তু পুলিশ তখন লিমনের উপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি বরং তাকেই কয়েকটি মামলায় অভিযুক্ত করে। র্যাবকে জবাবদিহিতা থেকে রক্ষার প্রচেষ্টা হিসেবে এটা করা হয়েছিলো।
