শীঘ্রই কালো টাকার মালিকদের নাম প্রকাশ:মোদী

আপডেট : ২১ অক্টোবর ২০১৪, ২৩:৫২

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, শিগগিরই কালো টাকার মালিকদের নাম প্রকাশ করা হবে। ধর্মীয় অনুষ্ঠান দিওয়ালীর পর সুপ্রিম কোর্ট খুললে এই তথ্য প্রকাশ করা হবে বলেও জানান মোদী। গত সোমবার রাতে এক নৈশভোজে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান। এদিকে অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, কালো টাকার মালিকদের নাম প্রকাশ করা হলে কংগ্রেস বিব্রবতকর পরিস্থিতিতে পড়তে পারে। খবর ইন্ডিয়া টুডে ও এনডিটিভি’র।

গত লোকসভা নির্বাচনের প্রচারে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অঙ্গীকার করেছিল তারা ক্ষমতায় গেলে বিদেশে থাকা কালো টাকা ফিরিয়ে আনা হবে। তবে সমপ্রতি আদালতে সরকার বিষয়টি জানাতে অপরাগতা প্রকাশ করে। এ নিয়ে বিরোধীরা সরকারের সমালোচনা করেন। মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভার নির্বাচনে বিজয়ের পর মন্ত্রী এবং দলের শীর্ষ নেতাদের নৈশভাৈজে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভায় তিনি জানান, কালো টাকার কিছু মালিকদের নাম প্রকাশ করবে সরকার। বিরোধী দলগুলো অভিযোগ করে, সরকার নির্বাচনের আগে জনগনের কাছে করা অঙ্গিকার ভুলে গেছে। এমনকি দুর্নীতিবিরোধী সমাজকর্মী আন্না হাজারে প্রধানমন্ত্রীর কাছে লেখা এক চিঠিতে এই বলে হুঁশিয়ারি দেন যে, কালো টাকা ফিরিয়ে আনা না হলে আবার আন্দোলনে যাবেন তিনি।