হজ, ইসলাম ও তাবলীগ জামাত সম্পর্কে বিরূপ মন্তব্য করায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার ও বিচার দাবিতে আগামী ২৬ অক্টোবর হরতাল ডেকেছে সম্মিলিত ইসলামী দলসমূহ।
বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সম্মিলিত ইসলামী দলসমূহ ও খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান এ হরতালের ঘোষণা দেন।
তিনি বলেন, আবদুল লতিফ সিদ্দিকী ইসলাম সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি করেছেন। দুই দফা আলটিমেটাম দেয়ার পরেও সরকার তার শাস্তির ব্যাপারে কার্যকর কোন উদ্যোগ গ্রহণ করেনি। এ ব্যাপারে যা কিছু করা হয়েছে তা ‘আইওয়াশ’ ছাড়া আর কিছু নয়।
খেলাফত আন্দোলনের মহাসচিব বলেন, ইসলামের মর্যাদা রক্ষায় তৌহিদী জনগণের সামনে আন্দোলন করা ছাড়া আর কোনো পথ খোলা নেই। তাই ২৬ অক্টোবর সারাদিন হরতাল পালন করা হবে। হরতালে বাধা দিলে লাগাতার হরতালের কর্মসূচি দেওয়া হবে।
সাংবাদিক সম্মেলনে ওলামা মাশায়েখ পরিষদের যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান মাদানী, ইসলামী পার্টি বাংলাদেশের সভাপতি অ্যাডভোকেট আ. মোবিন, ওলামা মাশায়েখ পরিষদের মাওলানা আবু তাহের জেহাদী, মুসলীম লীগের কাজী আবুল খায়ের, ওলামা পরিষদের মাওলানা আবু জাফর কাসেমী প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সমপ্রতি যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে হজ ও তাবলীগ জামাত নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য মন্ত্রীত্ব হারিয়েছেন আবদুল লতিফ সিদ্দিকী।
