যৌথ উদ্যোগে কাজ করবে আইবিএম-অ্যাপল

আপডেট : ২২ অক্টোবর ২০১৪, ১৩:২৫

বিভিন্ন ধরনের কাজের জন্য শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর একযোগে কাজ করার উদ্যোগ নতুন নয়। এর ধারাবাহিকতায় এবারে একযোগে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে আইবিএম ও অ্যাপল। এই বিষয়ে উভয় প্রতিষ্ঠান সম্প্রতি চুক্তিবদ্ধও হয়েছে। ৫০টি কর্পোরেট প্রতিষ্ঠানের জন্য এই দুই প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের সফটওয়্যার সলিউশন তৈরি ও অ্যাপস ডেভেলপমন্টে নিয়ে কাজ করবে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাত্কারে উভয় প্রতিষ্ঠানের এই কৌশলগত ঐক্যের বিষয়টি চূড়ান্ত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন অ্যাপলের চিফ ফিন্যান্সিয়াল অফিসার ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুকা মায়েস্ত্রি। তবে অ্যাপল ও আইবিএম-এর একযোগে কাজ করার এই উদ্যোগটি একেবারে নতুন কিছু নয়। গত জুলাই মাসেই এই যৌথ উদ্যোগের প্রথম ঘোষণা দেওয়া হয় দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এতদিনে এসে সেই সিদ্ধান্তটি বাস্তবায়িত হতে চলেছে। জুলাই মাসের সেই বিবৃতিতে জানানো হয়, আইবিএম ও অ্যাপলের যৌথ উদ্যোগের ফলে কর্পোরেট প্রতিষ্ঠান ও সরকারি বিভিন্ন সংস্থার জন্য প্রয়োজনীয় বিশেষায়িত সব সফটওয়্যার অ্যাপ্লিকেশন দিয়ে বাজারজাত করা হবে অ্যাপলের আইফোন ও আইপ্যাড। এর অংশ হিসেবে আসছে নভেম্বর মাসেই দুই প্রতিষ্ঠানের তৈরি প্রথম ব্যাচের অ্যাপ্লিকেশন ও সফটওয়্যার সলিউশনের তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন লুকা মায়েস্ত্রি। কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য আইটি সেবার ক্ষেত্রে মূলত আইবিএম, মাইক্রোসফট, এইচপির মতো প্রতিষ্ঠানগুলোই এগিয়ে রয়েছে। এই ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছে অ্যাপল। আইবিএম-এর সাথে অ্যাপল যুক্ত হলে অ্যাপল এই ক্ষেত্রে নিজেদের অবস্থানকে অনেকটাই শক্তিশালী করে তুলতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন লুকা মায়েস্ত্রি। তবে জুলাই মাস থেকে এই উদ্যোগ নিয়ে কাজ শুরু হলেও এখনও পর্যন্ত উভয় প্রতিষ্ঠানের কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি কোনো প্রতিষ্ঠান থেকেই। তবে শীর্ষ এই দুই প্রযুক্তি প্রতিষ্ঠানের একযোগে কাজ করার উদ্যোগ কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর মাঝে সাড়া ফেলেছে বলে জানিয়েছেন লুকা।