দুর্ঘটনারোধে ট্রাফিক আইন মেনে চলুন : ওবায়দুল কাদের

আপডেট : ২২ অক্টোবর ২০১৪, ১৬:৪৬
 
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়ক দুর্ঘটনারোধে সকল শ্রেণী-পেশার মানুষকে সচেতন হবার পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন। সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি আইন মেনে চলতে হবে, না হলে দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়। যাত্রী এবং চালক সবাইকে রাস্তায় চলাচলের ক্ষেত্রে আরও সচেতন হতে হবে।
মন্ত্রী বুধবার সকালে রাজধানীর কাকরাইলে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই আন্দোলনের (নিসচা) র‌্যালির উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী নাটোরের বড়াইগ্রামে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে বহুলোক হতাহত হবার জন্য চালকের বেপরোয়া গতিতে গাড়ি চালানোকে দায়ী করেন। এ ঘটনায় গাড়ির চালকও নিহত হয়েছেন। বেপরোয়া গতিতে গাড়ি চালালে চালকদের জীবনও যে নিরাপদ নয়, তাদের সেটা অন্তত বোঝা উচিত।
শীঘ্রই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা ও সচেতনতার জন্য কাউন্সিলিং কর্মসূচি হাতে নেবে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে কারিগরি ব্যবস্থা নেয়া হবে। মহাসড়ক নির্মার্ণের কারিগরি ক্রুটি দূর করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। দেশের সড়ক-মহাসড়কে ১৪৪টি ব্ল্যাকস্পট চিন্থিত করা হয়েছে। শীঘ্রই এসব স্থানের সংস্কার প্রকল্পের কাজ শুরু হবে।
তিনি বলেন, অনেক সময় দেখা যায়- এক পরিবারের অনেকগুলো গাড়ি এবং তারা সব গাড়ীগুলোই রাস্তায় ছেড়ে দিচ্ছে, এতে করে যানজট বেশী হচ্ছে। দুর্ঘটনার হারও বৃদ্ধি পাচ্ছে। 
মন্ত্রী এসব ব্যাপারেও সবাইকে সচেতন হবার আহবান জানান।
নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রধান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে র‌্যাালিটি কাকরাইল নিরাপদ সড়ক চাই কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।