গঙ্গা ব্যারেজ নির্মাণ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ : ব্যারিস্টার মাহমুদ

আপডেট : ২২ অক্টোবর ২০১৪, ১৯:৪৯
 
পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, গঙ্গা অববাহিকায় বসবাসরত বাংলাদেশের জনগণের এক তৃতীয়াংশ রক্ষায় গঙ্গা ব্যারেজ নির্মাণ করা খুবই গুরুত্বপূর্ণ।  গঙ্গা ব্যারেজ নির্মাণ করা না হলে, গঙ্গা অববাহিকায় বসবাসকারী আমাদের লোকদের এক তৃতীয়াংশ রক্ষা করা যাবে না। 
রাজধানীর শিশু একাডেমী মিলনায়তনে এ্যাকশন এইড আয়োজিত ‘নদীসমূহের অবাধ প্রবাহ : জনগণের অবস্থান’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। ব্যারেজ ভবিষ্যতে যৌথ নদীগুলোর পানির হিস্যায় বিরোধ নিরসনেও সহায়ক হবে। 
মন্ত্রী বলেন, দস্যুরা নদী পথের পরিবেশ ধংস করছে। তাদেরকে দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো সক্রিয় হতে হবে। 
তিনি দীর্ঘ প্রতিক্ষিত তিস্তা চুক্তি স্বাক্ষরের ব্যাপারে সরকারের আশাবাদ ব্যক্ত করে বলেন, ভারতের সাবেক প্রধানমন্ত্রী এই চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছিলেন। সে দেশের বর্তমান সরকার এই সমস্যাটি সমাধানের চেষ্টা করছে। ভারত তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বলে বাংলাদেশ আশাবাদী।