রাজনৈতিক সংকট থেকে উত্তরণের পথ নির্বাচন : খালেদা জিয়া

আপডেট : ২২ অক্টোবর ২০১৪, ২০:৪৩
 
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশের বিরাজমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো অবিলম্বে সকল দলের অংশগ্রহণে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা। এজন্য দেশ ও জাতির কল্যাণে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান এডভোকেট আবদুল মোবিন বিএনপির চেয়ারপার্সন ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি একথা বলেন। মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপার্সনের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ইসলামিক পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার বিকেলে একথা জানানো হয়। খবর বাসস।
বিএনপির চেয়ারপার্সন এসময় অভিযোগ করেন, বর্তমানে দেশ ও জাতি এক কঠিন সময় অতিক্রম করছে। দেশে আজ কারো নিরাপত্তা নেই। এসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিতব্য কুমিল্লা জেলার মহাসমাবেশকে সার্বিকভাবে সফল করতে ইসলামিক পার্টিসহ ২০ দলীয় জোটের নেতৃবর্গের প্রতি আহ্বান জানান।
সাক্ষাতকালে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামিমুর রহমান শামিম প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় ইসলামিক পার্টির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম, যুগ্ম মহাসচিব হাফেজ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হাসান প্রমুখ।