আগামী ২৫ অক্টোবর ঢাকায় ‘বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার: এশীয় প্রেক্ষাপট’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশ (আইসিসি-বি) সংস্থার ২০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করছে।
আইসিসি-বি’র সভাপতি মাহাবুবুর রহমান বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বলেন, রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) উচ্চ পর্যায়ের এই সম্মেলন উদ্বোধন করবেন। তিনি বলেন, মন্ত্রী, অর্থনীতিবিদ, ব্যবসায়ী ব্যক্তিত্ব ও আইসিসি নেতৃবৃন্দসহ প্রায় ৫শ’ প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
তিনি সাংবাদিকদের বলেন, উদ্বোধনী অধিবেশনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আঙ্কটাডের মহাসচিব ড. মুখিশা কিটুয়ি এবং অন্যান্য দেশের মন্ত্রী ও পদস্থ কর্মকর্তারা অংশ নেবেন।
তিনি আরো বলেন, ২৬ অক্টোবর সোনারগাঁও হোটেলে প্লেনারি ও বিজনেস অধিবেশন অনুষ্ঠিত হবে। সম্মেলনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরতে বিজনেস অধিবেশন চার ভাগে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হবে। এগুলো হচ্ছে, ‘বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার : বর্তমান বাস্তবতা’,‘এশিয়ায় প্রবৃদ্ধি : বাস্তবতা ও চ্যালেঞ্জ’, ‘বাণিজ্য: ডব্লিউটিও’র বালী সম্মেলনের সফলতা’ এবং ‘এশিয়ায় বিনিয়োগ উৎসাহিতকরণ’।
মাহাবুবুর রহমান আরো বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে এশীয় দেশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সম্মেলনে ভবিষ্যৎ অর্থনৈতিক নীতি-কৌশল নিয়েও আলোচনা হবে।
ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই), বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নীটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোটার্স এসোসিয়েশন (বিকেএমইএ), বাংলাদেশ ইন্সুরেন্স এসোসিয়েশন (বিআইএ), ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএবি) এবং বাংলাদেশস্থ নর্ডিক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআই) এ সম্মেলন আয়োজনে সহযোগিতা করছে।
