সিপিএ’র নবনির্বাচিত চেয়ারপার্সন স্পিকার শিরীন শারমিন চৌধুরী আন্তর্জাতিক পর্যায়ে সংসদীয় ফোরমের দুটি শীর্ষ পদে নির্বাচিত হওয়াকে দেশ ও জনগণের এবং দেশের বর্তমান নেতৃত্বের বিজয় হিসেবে উল্লেখ করে বলেছেন, এ বিজয়ের মধ্য দিয়ে প্রমাণিত হযেছে, সঠিক ও বলিষ্ঠ নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকলে যে কোন বাধা অতিক্রম করে বিজয় অর্জন করা সম্ভব।
তিনি বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার সিপিএ’র চেয়ারপার্সন ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর আইপিইউ’র সভাপতি নির্বাচিত হওয়ায় সংসদের পক্ষ থেকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতায় এ কথা বলেন।
কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) ও ইন্টার পার্লামেন্টারি এসোসিয়েশন (আইপিইউ) এর যথাক্রমে চেয়ারপার্সন ও সভাপিতি নির্বাচিত হওয়াকে দেশের সংসদীয় গণতন্ত্রের প্রতি বিশ্ব সমাজে বিরাট স্বীকৃতি উল্লেখ করে স্পিকার বলেন, এ বিজয় বিশ্ব দরবারে বাংলাদেশে অবস্থান আরো দৃঢ় করেছে। আর বিজয়ে প্রমাণিত হয়েছে বাংলাদেশ সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সঠিক পথে এগিয়ে যাচ্ছে।
ডেপুটি স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, আইপিইউ’র নব নির্বাচিত সভাপতি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী ও সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব আশরাফুল মুকবুল বক্তৃতা করেন ।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রনায়কোচিত দৃঢ় নেতৃত্ব, সঠিক সিদ্ধান্ত ও দিকনিদের্শনার কারণেই আন্তর্জাতিক পর্যায়ে এ বিশাল বিজয় সম্ভব হয়েছে। তিনি এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়াও স্পিকার এ বিজয়ের জন্য ক্যামেরুনে এবং জেনেভায় তার সফরসঙ্গী হুইপ ও সংসদ সদস্যদের অক্লান্ত পরিশ্রমের কথাও শ্রদ্ধার সাথে উল্লেখ করেন। তিনি তাদেরসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান।
সংবর্ধনার জবাবে আইপিইউ’র নবনির্বাচিত সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সভাপতি হিসাবে বাংলাদেশ উদাহরণ সৃষ্টি করতে চায়।
