২০১৪-১৫ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল ইউনিটের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার একযোগে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। বুধবার সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি আরো বলেন, ‘বিভিন্ন কোচিং সেন্টার, দুর্নীতবাজ চক্র ও কুচক্রীমহল মেডিক্যাল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার শত ভাগ কমন সাজেশন দেয়ার কথা বলে প্রতারণা করে থাকে। এ প্রতারণার বন্ধ এবং পরীক্ষায় অধিকতর স্বচ্ছতা আনার জন্য ২১ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মেডিক্যালে ভর্তির সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
এ দিকে, মেডিক্যাল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি, ব্লুটুথ ডিভাইসসহ সব ধরনের ইলেক্ট্রনিক্স নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষার্থীরা পরীক্ষা চলাকালে এ সব বহন করতে পারবেন না। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
