নীলফামারীর পথে খালেদা জিয়া

আপডেট : ২২ অক্টোবর ২০১৪, ২২:৪৯
 
 
২০ দলীয় জোট আয়োজিত বৃহস্পতিবারের সমাবেশে যোগ দিতে নীলফামারীর উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকাল সাড়ে চারটার দিকে তিনি গুলশানের বাসা থেকে রওনা হন। রাতে তিনি বগুড়া সার্কিট হাউসে অবস্থান করবেন।
বৃহস্পতিবার বিকেল তিনটায় নীলফামারী জেলা স্কুল মাঠে স্থানীয় ২০ দলীয় জোট আয়োজিত সমাবেশে বক্তব্য দেবেন তিনি।
খালেদা জিয়ার গাড়িবহরে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপির প্রচার সম্পাদক জয়নাল আবদীন ফারুক, সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে এবং দেশব্যাপী গুম-হত্যার প্রতিবাদে, সংবিধান সংশোধন করে বিচারকদের অভিশংসন আইন পরিবর্তনের প্রতিবাদসহ বিভিন্ন ইস্যুতে জনসচেতনতা তৈরিতে দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি চালাচ্ছেন বিএনপির চেয়ারপারসন।
এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া, জামালপুর সফর করেন বেগম খালেদা জিয়া।  আগামী ৩০ অক্টোবর নাটোর, ৬ নভেম্বর কুমিল্লা ও ১২ নভেম্বর কিশোরগঞ্জ তার সফর করার কথা রয়েছে।