লিমনের পায়ে গুলি নিছক দুর্ঘটনা

আপডেট : ২৩ অক্টোবর ২০১৪, ০০:১১

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাড়ে তিন বছর আগে লিমনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি ছিল নিছক দুর্ঘটনা। একজন কুখ্যাত সন্ত্রাসীকে ধরতে গিয়ে দুর্ভাগ্যক্রমে গুলিটা লিমনের পায়ে বিদ্ধ হয়। তবে বিষয়টি ভালো করে জানার পরই তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো তুলে নেয়া হয়।

তিনি বলেন, লিমনের ঘটনাটি আমার আগে যারা দায়িত্বে ছিলেন তাদের সময়ের। দায়িত্ব নেয়ার পর আমি বিষয়টি সম্পর্কে ভালো করে জেনেছি। র্যাবের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে, কুখ্যাত একজন সন্ত্রাসীকে ধরতে যান র্যাব সদস্যরা। তার কাছাকাছি অবস্থান করছিল লিমন, তাই এ ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।
২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আহত হন লিমন হোসেন। সে সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী লিমন। জীবন বাঁচাতে চকিত্সকরা তার একটি পা কেটে বাদ দিতে বাধ্য হন।
অভিযোগ থেকে লিমনের অব্যাহতি পাওয়া সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রমাণ যখন হয়েছে যে, এটা নিছক দুর্ঘটনা, লিমন জড়িত ছিল না, তখন তার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করে নেয়া হয়েছে।

সম্প্রতি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ঝালকাঠির কলেজ ছাত্র লিমন হোসেনের পঙ্গুত্বের জন্য দায়ী র্যাব সদস্যদের বিচারের দাবি জানিয়েছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে প্রতিবেদন তৈরি হচ্ছে। প্রতিবেদনে যদি র্যাব সদস্যদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায় তবে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।