দেশের ৮৫টি সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা। একইসঙ্গে ৩২টি ডেন্টাল কলেজে বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষাও হবে ওইদিন। সারাদেশে ২৩টি কেন্দ্রে একই প্রশ্নে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে পরীক্ষা। সরকারি-বেসরকারি ৮৫টি মেডিক্যাল কলেজের মোট আসনসংখ্যা ৮৪৮৭টি। আর প্রার্থীর সংখ্যা ৬৯ হাজার ৪৭৭জন। সে হিসাবে এবার প্রতি আসনের বিপরীতে লড়বে প্রায় আট জন পরীক্ষার্থী। দেশে সরকারি মেডিক্যাল কলেজ ২৯টি। আর সেখানে আসন আছে ৩১৬২টি। বেসরকারি মেডিক্যাল কলেজ ৫৬টি, আর আসন সংখ্যা ৫৩২৫টি।
দেশে ডেন্টাল কলেজ ৩২টি। আর সেখানে আসন ১৮১২টি। এর মধ্যে সরকারি ডেন্টাল কলেজ ৯টির আসন সংখ্যা হলো ৫৩২টি। বেসরকারি ২৩টি ডেন্টাল কলেজের আসনসংখ্যা ১২৮০।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (মেডিক্যাল এডুকেশন) অধ্যাপক ডা. এম এ হান্নান বলেন, উত্তীর্ণ প্রার্থীদের মেধাতালিকা ও তাদের পছন্দের ভিত্তিতে সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি করা হবে। যারা ডেন্টালে ভর্তি হতে চান তাদের ক্ষেত্রেও একই নীতিমালা অনুসরণ করা হবে।
এবারের ভর্তি পরীক্ষা নিয়ে প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নানা আশংকার বিষয়টি সামনে রেখে কঠোর অবস্থানে রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ জন্য ২১ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মেডিক্যাল ভর্তি কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। ভর্তি পরীক্ষা নিয়ে যাতে কোন ধরনের জাল-জালিয়াতি না হয় সেজন্য কোচিং সেন্টারগুলোর উপর গোয়েন্দা নজরদারি করা হচ্ছে।
ভর্তি পরীক্ষায় মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি, ব্লুটুথ ডিভাইসসহ সকল প্রকার ইলেক্ট্রনিক্স নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষার্থীরা পরীক্ষা চলাকালীন এসব বহন করতে পারবে না।
গত বছর সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষায় প্রার্থী ছিল ৬৭ হাজার। প্রায় আড়াই হাজার শিক্ষার্থী বেড়েছে এবছর।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম গত রাতে ইত্তেফাককে জানান, মেডিক্যাল কলেজের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষায় দেশের সবচেয়ে মেধাবী ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে থাকে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে যা যা করণীয় সব ব্যবস্থাই নেয়া হচ্ছে। এক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় হলে কোনো ছাড় দেয়া হবে না।
প্রশ্নফাঁসের গুজবে বিভ্রান্ত হবেন না :স্বাস্থ্যমন্ত্রী
এদিকে গতকাল সচিবালয়ে নিজ কার্যালয়ে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিভিন্ন কোচিং সেন্টার, দুর্নীতবাজচক্র ও কুচক্রীমহল মেডিক্যাল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার শতভাগ ‘কমন সাজেশন’ দেয়ার কথা বলে প্রতারণা করে থাকে। এ প্রতারণা বন্ধ এবং পরীক্ষায় অধিকতর স্বচ্ছতা আনার জন্য ২১ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মেডিক্যালে ভর্তির সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।