প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। ইতালিতে চারদিনের সরকারি সফরের অর্জন ও সফলতার বিস্তারিত তুলে ধরতে বিকাল সাড়ে ৪টায় গণভবনে সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির ব্যবসায়িক প্রাণকেন্দ্র মিলানে চারদিনের সফর শেষে শনিবার রাতে দেশে ফিরেছেন। দশম আসেম শীর্ষ সম্মেলনে যোগ দিতে গত ১৫ অক্টোবর তিনি মিলানে যান। প্রধানমন্ত্রী আসেম শীর্ষ সম্মেলনে ভাষণ দেন। ভাষণে তিনি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। তিনি অর্থনীতি ও যোগাযোগের ক্ষেত্রে এশিয়া ও ইউরোপের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান। সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী মাত্তেরো রেনজি, গ্রীসের প্রধানমন্ত্রী এ্যান্তিনিওয়াস সামারাস, সুইজারল্যান্ডের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভিন এবং ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রেসিডেন্টের দেয়া ভোজসভায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, জার্মান চ্যান্সেলর এ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গেও সাক্ষাত্ করেন। তিনি মিলানে বাংলাদেশি সম্প্রদায়ের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
২০১২ সালে আসেমের ৫১তম সদস্য পদ লাভ করে বাংলাদেশ। সদস্য দেশগুলো পারস্পরিক শ্রদ্ধাবোধের চেতনা এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিষয়ে দুইটি অঞ্চলের মধ্যে সম্পর্ক জোরদারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে আসেম।
