মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় ও বাসভবন হোয়াইট হাউসে ফের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় অবৈধভাবে বেড়া টপকে সেখানে ডোমিনিক অ্যাডেসানিয়াক (২৩) নামে এক যুবক প্রবেশ করে। ডোমিনিক ম্যারিল্যান্ডের বেল এয়ারের বাসিন্দা। খবর: রয়টার্সের।
হোয়াইট হাউসে কর্মরত সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা ডোমিনিককে দেখার আগে সিক্রেট সার্ভিসের ডগ স্কোয়াড তাকে আক্রমণ করে।
মুখপাত্র এডউইন ডোনোভান বলেছেন, ডগ স্কোয়াড তাকে ধরে ফেলেছে। তাকে গ্রেফতার করার সময় তার কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি।
ভিডিওতে দেখা গেছে, সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা হোয়াইট হাউসের উত্তর লনে অনুপ্রবেশকারীকে ঘিরে রেখেছে। এ ঘটনার পরপরই প্রায় ৯০ মিনিট হোয়াইট হাউসে প্রবেশ বন্ধ করে দেয়া হয়।
অনুপ্রবেশকারী ডোমিনিক স্থানীয় সময় সন্ধ্যা সাতটা ১৫ মিনিটের দিকে বেড়া টপকে ভিতরে প্রবেশ করে। তবে অল্পকিছু সময়েরই মধ্যেই তিনি ধরা পড়েন। গ্রেফতার করার সাথে সাথেই তাকে কাস্টডিতে নেয়া হয়েছে।
