বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নীলফামারীতে দলীয় জোট আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৩টা ২০ মিনিটে তিনি সেখানে সভামঞ্চে উপস্থিত হন।
এর আগে তিনি বগুড়া সার্কিট হাউজে স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এই অবৈধ সরকারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। শিগগিরই এই অবৈধ সরকারকে হটাতে হবে। আপনারা সবাই আন্দোলনের জন্য প্রস্তুত হউন। । বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর বগুড়া সার্কিট হাউজ থেকে নীলফামারীর উদ্দেশে রওয়ানা দেন তিনি। এ সময় জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম , সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনসহ যুবদল ও ছাত্রদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
যাত্রাপথে বগুড়া জেলার সীমান্ত এলাকা শিবগঞ্জে উপজেলার রহবল পর্যন্ত রাস্তার দুইপাশে দলীয় নেতাকর্মীরা অবস্থান নিয়ে তাকে ফুলেল সংবর্ধনা দেন। এসময় গাড়িতে বসে বেগম খালেদা জিয়া হাত নেড়ে বগুড়াবাসীর শুভেচ্ছার জাবাব দেন।
এর আগে খালেদা জিয়া বুধবার রাতে বগুড়া সার্কিট হাউজে এসে রাত্রি যাপন করেন। নীলফামারী জেলা সার্কিট হাউজে গিয়ে আজ দুপুরে খাবার গ্রহণ ও বিশ্রাম নেন।
সভায় সভাপতিত্ব করবেন নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আনিসুল আরেফিন চৌধুরী। জনসভা শেষে নীলফামারী সার্কিট হাউজে বিশ্রাম নেবেন খালেদা জিয়া। এরপর সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে তার।
