গাড়িচালকের পায়ে গুলি করে অস্ত্র উদ্ধারের ঘটনা সাজানোর অভিযোগে গ্রেফতার হওয়া পুলিশ উপ-পরিদর্শক আনোয়ার হোসেনকে দুই দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। বৃহস্পতিবার আনোয়ারকে ঢাকার হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. হুমায়ুন কবির। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মারুফ হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অভিযোগে জানা গেছে, গত রবিবার রাতে শেরেবাংলা নগর থানার ঐ এসআই আনোয়ার পুলিশের গাড়িচালক শাহ আলমকে (২৬) মোহাম্মদপুর কৃষিমার্কেট এলাকা থেকে ধরে তালতলায় নিয়ে দুই পায়ে গুলি করেন। এরপর তার কাছ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা সাজিয়ে থানায় মামলা করেন।
ওই অভিযোগ ওঠার পর এসআই আনোয়ারকে বুধবার গ্রেফতার করা হয়। সরিয়ে নেয়া হয় ঐ থানার ওসিকে। শেরেবাংলা নগর থানায় আনোয়ারের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন শাহ আলমের ভাই গোলাম মোস্তফা।
পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, গুলিতে আহত পুলিশের গাড়িচালক ও সোর্স শাহ আলমের বিরুদ্ধে কয়েকটি থানায় অভিযোগ রয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য এস আই আনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া জরুরি। শাহ আলম বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
শুনানিতে আনোয়ারের পক্ষে রিমান্ডের বিরোধিতা করেন আইনজীবী মল্লিক শফিউদ্দিন। তবে আসামির পক্ষে কোনো জামিন আবেদন ছিল না।
