এলজিইডির প্রধান প্রকৌশলী ওয়াহিদুরকে জিজ্ঞাসাবাদ

আপডেট : ২৩ অক্টোবর ২০১৪, ১৯:৩৮
 
 
 
 
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় থেকে দুপুর ২টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে দুদকের উপপরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। মুক্তিযুদ্ধের সনদ জালিয়াতির অভিযোগ যাচাই করতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ দিকে, একই সাথে তাকে মুক্তিযোদ্ধা হিসেবে সুপারিশকারী বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এস এম মুরতুজা হোসেন ও মাহবুবুল হক চিশতীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে দুদক সূত্র জানিয়েছে— চাকরিতে যোগ দেয়ার সময় নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা না দিলেও চাকরির শেষ সময় মুক্তিযোদ্ধা সনদ গ্রহণ করেন ওয়াহিদুর রহমান। সনদ ব্যবহার করে চাকরির মেয়াদ দুই বছর বাড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে চলতি মাসের শুরুতে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান থেকে নথিপত্র সংগ্রহ করে দুদক এ সব জিজ্ঞাসাবাদ করে।