বাতিলের পথে বিএনপি, তাদের জায়গায় এখন আমরা: এরশাদ

আপডেট : ২৩ অক্টোবর ২০১৪, ২০:৩৯
 
জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, আমাদের প্রতিষ্ঠিত উপজেলা পদ্ধতি বাতিল করেছিল বিএনপি। সেই দলটিই আজ বাতিলের পথে। কোথাও তাদের কোনো স্থান নেই। নেতৃত্বের কলহে দলটির করুন অবস্থা। তাদের জায়গায় এখন আমরা (জাপা)। ২৩ অক্টোবর উপজেলা দিবস উপলক্ষে বৃহস্পিতিবার রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এরশাদ বলেন, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) ও কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের (সিপিএ) শীর্ষ পদে বাংলাদেশের জয়ী হওয়ার পেছনে জাপারও অবদান রয়েছে। কারণ কে ক্ষমতায় এনে দিয়েছে এ সরকারকে? জাপা নির্বাচন না করলে এ সংসদ হতো না, এ সরকার হতো না, এই জয়ও আসতো না।
তিনি বলেন, জাপা নির্বাচন করেছে বলেই গণতন্ত্র রক্ষা পেয়েছে। এই সরকারও রক্ষা পেয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা সরকারকে সাহায্য করলাম। কিন্তু বিনিময়ে কী পেলাম! কুশাসন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন আর অপহরণ! এই অবস্থা আমরা চাইনি। ঢাকা মহানগর (দক্ষিণ) জাপার আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে এতে জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুও বক্তব্য রাখেন।