কানাডার পার্লামেন্টে বন্দুকধারীরা হামলা চালানোর উদ্যোগ নেয়ার পর অস্ট্রেলিয়া বৃহস্পতিবার তাদের পার্লামেন্ট ভবনের নিরাপত্তা জোরদার করেছে। একইসঙ্গে প্রধানমন্ত্রী টনি অ্যাবোট অটোয়ার সাথে সংহতি প্রকাশ করেছেন।
এর আগে বিচার মন্ত্রী মিশেল কীনান ক্যানবেরার পার্লামেন্ট ভবনের চারদিকের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার কথা বলেন। তিনি অস্ট্রেলিয়ার সম্প্রচার কর্পোরেশনকে বলেন, পার্লামেন্ট ভবনের চারপাশে ফেডারেল পুলিশের উপস্থিতি বাড়ানো হবে।
তবে তিনি জোর দিয়ে বলেন, ‘সেখানে কোন ধরণের হামলার হুমকি নেই। আমাদের উদ্বেগের কারণেই আমরা এটা করছি।’ এছাড়া অস্ট্রেলিয়া গত মাসে সন্ত্রাস মোকাবেলায় নিরাপত্তা সতর্কতা ‘মাঝারি’ স্তর থেকে ‘উচ্চ’ পর্যায়ে বাড়িয়েছে।
