একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এই প্রস্তাব দেন দলটির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য এসএম আবুল কালাম আজাদ।
বিএনএফ চেয়ারম্যান বলেন, একাদশ নির্বাচন যেন দেশ-বিদেশে সবার কাছে গ্রহণযোগ্যতা পায়, সেজন্যই সংসদে প্রতিনিধিত্বশীল সব দলকে নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করা উচিত। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনে ওই সরকারের প্রধান হবেন না। প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন- এই তিনটি মন্ত্রণালয় প্রয়োজনে বর্তমান প্রধানমন্ত্রী তার হাতে রেখে দিয়েও অন্য মন্ত্রণালয় দিয়ে সর্বসদলীয় সরকার গঠন করতে পারেন। সেক্ষেত্রে আরও নিরপেক্ষতা আনার লক্ষ্যে এবং শেখ হাসিনা যদি নিজ দলের নেতাদেরও বিব্রত করতে চান, তাহলে তিনি ওই সরকারের প্রধানমন্ত্রী পদে আমার কথাও ভাবতে পারেন।
আবুল কালাম আজাদ আরও বলেন, একটি রাজনৈতিক দল ও একজন রাজনৈতিক নেতা রাতারাতি হয়ে ওঠে না। এজন্য নীতি-আদর্শ থাকতে হয়, সংগ্রাম করতে হয়। আগামীদিনের রাজনীতিতে বর্তমান সরকারি জোটের বিপরীতে বিএনএফ একটি ফ্রন্ট গঠন করবে। সেটিই হবে দেশের দ্বিতীয় বৃহত্তম কাফেলা। ওই ফ্রন্টের মাধ্যমে বিএনএফ হয়তো নিজেরা এককভাবে সরকার গঠন করতে পারবে না। কিন্তু যারাই সরকার গঠন করুন, ওই ফ্রন্টের সঙ্গে শেয়ার করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর বিএনএফের সভাপতি মেহজাবিন ওয়াহেদ, এতে আরও কয়েকটি দলের নেতারাও বক্তব্য রাখেন।
