সংরক্ষিত বনভূমি নিঝুম দ্বীপের ভূমি বরাদ্দ এবং সেখানে কোনো ধরনের স্থাপনা নির্মাণের ওপর নিষেধাজ্ঞা জারি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে ওই এলাকার ভূমি ইতিপূর্বে যাদের নামে বরাদ্দ দেয়া হয়েছে তাদের তালিকা প্রস্তুত করে তা আদালতে দাখিল করতে বলা হয়েছে। নোয়াখালী জেলা রেজিস্ট্রার, হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা, সহকারি ভূমি কমিশনার ও সাব-রেজিস্ট্রারকে এ আদেশ প্রতিপালন করতে বলা হয়েছে।
আবেদনের পক্ষে শুনানিকালে ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, ৪০ হাজার একর আয়তনের নিঝুম দ্বীপকে সংরক্ষিত বনভূমি হিসেবে ঘোষণা করেছে সরকার। অথচ একটি স্বার্থান্বেষী মহলের যোগসাজশে এ দ্বীপের জমি অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে। কিন্তু সরকারের জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী সংরক্ষিত বনের জমি কোন ব্যক্তি নামে লিজ দেয়া যাবে না। তিনি আরো বলেন, ভূমি দখলের পাশাপাশি দ্বীপের বিভিন্ন বৃক্ষ অবৈধভাবে কাটা হচ্ছে। বন্যপ্রাণী বিশেষ করে হরিণ নিধন করা হচ্ছে। এভাবে চলতে থাকলে দ্বীপটির পরিবেশগত ভারসাম্য বিনষ্ট হবে। তাই অবিলম্বে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া দরকার। শুনানিকালে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমী। শুনানি শেষে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন ওই নিষেধাজ্ঞা ও রুল জারি করে।
