পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, যে শিক্ষা দেশের মানুষের কাজে আসে না সে শিক্ষার কোন মূল্য নেই। শুধু শিক্ষা অর্জন করলেই হবে না, ছাত্র-ছাত্রীদের সুনাগরিক, বিনয়ী এবং জীবনে সফলতা অর্জনের জন্য পড়াশোনা করতে হবে। গতকাল নটরডেম কলেজ সায়েন্স ফেস্টিভ্যাল এবং সাধারণ জ্ঞান প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বক্তব্যের শুরুতে নটরডেম কলেজের সাবেক ছাত্র আনোয়ার হোসেন মঞ্জু স্মৃতিচারণ করে বলেন, ‘আমাদের সময়ে এই কলেজে পড়শোনা করা ছিলো ভাগ্যের ব্যাপার। তখন বেশিরভাগ ছাত্র ছিলো পাকিস্তানি। ছাত্রদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশ গড়ায় অংশগ্রহণের পাশাপাশি তাদেরকে সুনাগরিক, বিনয়ী এবং সফলতা অর্জনের ক্ষেত্রে নটরডেম কলেজের ভূমিকা অগ্রগণ্য’।
তিনি সেন্ট গ্রেগরী স্কুলেরও প্রশংসা করেন। তিনি বলেন, আজ দেশে শিক্ষা বিশেষ করে পরীক্ষা পদ্ধতিতে যে পরিবর্তন এসেছে তাতে নটরডেম কলেজের অবদান রয়েছে। বাংলাদেশি ছাত্রদের প্রশংসা করে পরিবেশ ও বন মন্ত্রী বলেন, আমাদের দেশের কোন শিক্ষার্থী দেশের বাইরে ভালো ফলাফল করলে তাকে ঈর্ষার চোখে দেখা হয়। বিদেশিরা আমাদের দেশের শিক্ষার্থীদের সফলতা সম্মানের চোখে দেখে। IMG0
ছাত্র-ছাত্রীদের উদ্দেশে তিনি আরো বলেন, ‘তোমাদের জন্য আমরা একটি আদর্শ পরিবেশ সৃষ্টি করতে পারিনি। তবে, ৫০ বছর আগের শিক্ষা ব্যবস্থা থেকে বর্তমান ব্যবস্থা অনেক ভালো। এখনকার ছাত্র-ছাত্রীরা যথাসময়ে বই পাচ্ছে। এখন যারা শিক্ষা দিচ্ছেন তারা অনেকেই আগের চেয়ে যোগ্য।’ নটরডেম কলেজ সম্পর্কে তিনি বলেন, এ কলেজের সুনাম ছিলো, আছে এবং থাকবে। এখানকার শিক্ষকরা শুধু শিক্ষার জন্য শিক্ষা দেন না, তারা ছাত্রদের সুনাগরিক এবং সফলতা পাবারও শিক্ষা দিয়ে থাকেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পীযূষ রোজারিও বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তোলার জন্য নটরডেম কলেজ বিজ্ঞান ক্লাব প্রতিবছর এ মেলার আয়োজন করে থাকে। এবারের মেলায় ৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ হাজার ৭০০ শিক্ষার্থী অংশ নিচ্ছে। এছাড়া সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় মোট ৯০০ ছাত্র-ছাত্রী অংশ নিচ্ছে বলেও তিনি জানান।
অনুষ্ঠানের বিশেষ অতিথি নটরডেম কলেজের সহযোগী অধ্যাপক সুশান্ত কুমার সরকার বলেন, আমাদের দেশে বিজ্ঞানকে যথাযথ মূল্যায়ন করা হয় না। ক্ষুদে বিজ্ঞানীদের উদ্যোগ ভালো হলেও তাদের কাজ অনেক সময় বাস্তবে রূপ নেয় না। এতে তারা উত্সাহ হারিয়ে ফেলে। তিনি তরুণ বিজ্ঞানীদের উদ্যোগ কাজে লাগাতে সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্কয়ার ফার্মাসিউটিক্যালস-এর পরিচালক (বিপণন) মো. মিজানুর রহমান বক্তব্য রাখেন। এর আগে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় পতাকা উত্তোলন করে মেলার উদ্বোধন করেন। এছাড়া তিনি নটরডেম কলেজে পৌঁছে সেখানকার অধ্যক্ষ, শিক্ষক এবং কয়েকজন সাবেক ছাত্রের সাথে পুরোনো দিনের স্মৃতি রোমন্থন করেন।
