হোয়াইট হাউজে অনুপ্রবেশের চেষ্টা ঠেকালো কুকুর

আপডেট : ২৪ অক্টোবর ২০১৪, ১০:২২

মার্কিন প্রেসিডেন্টের সরকারি দফতর ও বাসভবন হোয়াইট হাউজে ফের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। গত বুধবার সন্ধ্যায় এক ব্যক্তি সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। তবে সিক্রেট সার্ভিসের কুকুরগুলো তাকে আটকে দেয়। পরে ওই ব্যক্তিকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খবর রয়টার্সের।
মার্কিন প্রেসিডেন্টের দায়িত্বে নিয়োজিত সিক্রেট সার্ভিসের মুখপাত্র এডুইন ডোনোভান জানিয়েছেন, অনুপ্রবেশের চেষ্টাকারী ব্যক্তিটির নাম ডোমিনিক আন্দেসানিয়া। মেরিল্যান্ডের বাসিন্দা আন্দেসানিয়া (২৩) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া সাতটায় হোয়াইট হাউজের ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন। তবে এসময় তার কাছে কোনো অস্ত্র ছিল না। ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা হোয়াইট হাউজ বন্ধ রাখা হয়।  এ ঘটনায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, হোয়াইট হাউজের উত্তরের মাঠে কুকুরগুলো আন্দেসানিয়াকে ঘিরে রেখেছে। একটি কুকুর তাকে আক্রমণ করলে তিনি কুকুরটিকে ঘুষি মারেন। এতে আহত সিক্রেট সার্ভিসের দুটি কুকুরকে পশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার প্রায় এক মাস আগে ওমর গঞ্জালেজ নামে এক ব্যক্তি অস্ত্রসহ গ্রেফতার হন। এরপর হোয়াইট হাউজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সমালোচনা শুরু হয়।